কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থানার আলোচিত ইলিয়াস হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৭ মে) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থানাধীন কদমরসুল ডিটি রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চৌদ্দগ্রাম থানার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. রুবেল (৩৫) সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছে। পরে র্যাব-৭ এবং র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া মো. রুবেল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বেরলা এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আসামিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



