চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে অবস্থিত পেশওয়ারাইন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
এ সময় বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (১০ মে ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব।
অভিযান সূত্রে জানা যায়, রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল।
পাশাপাশি মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের মতো অনিয়মও ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলার সহকারী পরিচালকও অংশ নেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



