back to top

আনোয়ারায় মুন্নির মৃত্যুতে শ্বশুরবাড়িতে উত্তেজনা, আত্মহত্যা না হত্যা?

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৪:৪১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১০ মে) উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হালিমা আক্তার মুন্নি ওই এলাকার নবী হোসেনের ছেলে মিজানুর রহমানের স্ত্রী এবং রায়পুর এলাকার ইসহাকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়িতে অবস্থানকালেই মুন্নির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

তাদের দাবি, স্বামী মিজানুর রহমান প্রথমে মুন্নিকে হত্যা করে পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে মুন্নির পা মাটির সঙ্গে লাগানো অবস্থায় ছিল, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয় বলে তাদের দাবি।

তবে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে বলে আশা করছে তারা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি