back to top

বহিনোঙরে এমটি মেঘনা ট্রেডারে আগুন, নিয়ন্ত্রণে তৎপর কোস্ট গার্ড

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এখনো অজানা

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ০৮:৪৬

চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করা তেলবাহী জাহাজ ‘এমটি মেঘনা ট্রেডার’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে হঠাৎ জাহাজটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।

কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভানোর কাজে অংশ নেয় কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’।

এ ছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে জানিয়েছে, কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা এবং একাধিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলও অভিযানে অংশ নেয়।

এ সময় জাহাজটির মোট ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিনরুমে লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ‘জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজে পৌঁছে।

বৃহস্পতিবার সকালে লাগা আগুন সকাল সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। জাহাজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় এজেন্ট ইউএসএল যৌথভাবে কাজ করছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি