চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবুল হক পশ্চিম খৈয়াছড়া গ্রামের মির্জাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আবদুল হকের ছেলে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মী হিসেবে চাকরি শেষে অবসরে গিয়েছিলেন।
আরও পড়ুন
হাইওয়ে পুলিশ জানায়, মজিবুল হক ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

