চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় দে (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের মানিকপুর পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিজয় দে ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন চন্দ্র দের ছেলে। তিনি পেশায় থাইগ্লাস ও স্টিল নির্মাণকাজের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিকপুর গ্রামের বাসিন্দা মোরশেদের বাড়িতে থাইগ্লাস ও স্টিলের কাজ করছিলেন বিজয়। কাজ চলাকালে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন।
ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে এর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য না হলেও সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া বিজয়ের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাজের সূত্রে ওই বাড়িতে অবস্থানকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় দের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
স্থানীয় বাসিন্দারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতা ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

