চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২২ জুন) ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা শুরু হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে কয়েকজনকে শোডাউন দিতে।
ধারণা করা হচ্ছে, সকালের কোনো এক সময়ে ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে বক্তব্য দিতে দেখা যায়।
তিনি বলেন, “৫ আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোদিন জামায়াত-শিবিরের রাজাকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আতুড়ঘর হতে দেব না।”
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমি দেখেছি।
তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভিডিওটির সময়, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাইয়ের কাজ চলছে বলে জানা গেছে।
যাচাই শেষে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

