চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আঁধারমানিক এলাকা থেকে তাকে আটক করে।
বিজিবির দাবি, তিনি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।
আটককৃত পুটন মোল্ল (১৯) ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বাদল মোল্ল।
রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান-উল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় দৃঢ়, সতর্ক ও তৎপর রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

