ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে আচমকা গুলি-নেপথ্যে কী?

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ১৫:০৯

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ডলুপাড়া গ্রাম। অন্যান্য দিনের মতোই শুক্রবার (৩ জুলাই) রাতের নীরবতা নেমে আসছিল গ্রামটিতে।

ঘড়ির কাঁটায় তখন রাত আনুমানিক ৯টা। গ্রামীণ জীবনের স্বাভাবিক ছন্দে হঠাৎই ছন্দপতন। আচমকা বিকট কয়েকটি গুলির শব্দে কেঁপে উঠল পুরো এলাকা।

খোঁজ নিয়ে জানা যায়, ডলুপাড়া এলাকার স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী লিটন দেবনাথের বসতবাড়ি লক্ষ্য করে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা লিটন দেবনাথের বসতবাড়ির উঠোনের দিকে লক্ষ্য করে গুলি ছুড়েই দ্রুত অন্ধকার ফুঁড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

নিস্তব্ধ রাতে গুলির এই তীব্র শব্দে মুহূর্তের মধ্যে আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাণভয়ে অনেকেই দিকবিদিক জ্ঞান হারিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

পোল্ট্রি ব্যবসা করে সাদাসিধে জীবনযাপন করা লিটন দেবনাথের বাড়িতে কেন এই হামলা—তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা গুঞ্জন।

তবে সৌভাগ্যের বিষয় হলো, এই আকস্মিক হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

“গুলির ঘটনায় পুরো এলাকায় এখন এক ধরনের থমথমে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ শঙ্কিত।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ নুরুল আবছার বলেন, ভাগ্য ভালো যে, গুলির আঘাতে কেউ হতাহত হননি।

গ্রামের সাধারণ একজন ব্যবসায়ীর বাড়িতে এমন দুঃসাহসিক হামলার ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। ঘটনার পর থেকেই ডলুপাড়া গ্রামে এক ধরনের অদৃশ্য নীরবতা ও ভয় কাজ করছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে আমাদের টিম কাজ করছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়িক কোনো শত্রুতা, চাঁদা দাবি, নাকি স্রেফ এলাকায় আধিপত্য ও আতঙ্ক ছড়ানোর জন্য এই গুলি—তা এখনো পরিষ্কার নয়।

তবে ফটিকছড়ির সাধারণ মানুষ আশা করছেন, পুলিশ দ্রুতই এই ঘটনার পেছনের অন্ধকার রহস্য উন্মোচন করবে এবং ডলুপাড়ার বাসিন্দাদের মনে আবার স্বস্তি ফিরিয়ে আনবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি