সরকারি দায়িত্ব পালনে যাচ্ছিলেন কর্মস্থলে। কিন্তু মাঝপথেই ওত পেতে থাকা এক নির্মম সড়ক দুর্ঘটনা কেড়ে নিল একটি তাজা প্রাণ।
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮)।
রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আবুতোরাব রাস্তার মাথায় অর্থনৈতিক অঞ্চল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। চলতি বছরের শুরুতেই তিনি মিরসরাই উপজেলায় আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।
নতুন কর্মস্থলে নিজের মেধা ও শ্রম দিয়ে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল এক নিমেষেই।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি সরকারি তদন্ত কাজ পরিদর্শনে যাচ্ছিলেন আলাউদ্দিন।
তিনি মোটরসাইকেল নিয়ে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের ‘সেবা আধুনিক হাসপাতালে’ নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নিভে যায় তার জীবনের প্রদীপ।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একজন চটপটে ও দায়িত্বশীল কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও সহকর্মীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।
খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের গভীর শোক প্রকাশ করে বলেন, “রবিবার সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথিমধ্যে অটোরিকশার সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমরা এই মুহূর্তে হাসপাতালেই আছি। উনার পরিবারের সদস্যরা খবর পেয়ে রওনা দিয়েছেন। তারা আসার পর পরবর্তী প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এদিকে দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে যায় মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত আনসার কর্মকর্তার মরদেহ এখন হাসপাতালে এবং ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার ওই আনসার কর্মকর্তাকে যখন হাসপাতালে আনা হয়, তার আগেই উনার মৃত্যু হয়েছিল।
কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না আলাউদ্দিনের। তার এই অকাল মৃত্যুতে মিরসরাই উপজেলা প্রশাসন এবং আনসার ও ভিডিপি পরিবারে এখন শুধুই কান্নার রোল।
একটি দায়িত্বশীল জীবনের এমন নির্মম অবসান যেন আরও একবার আমাদের সড়ক ব্যবস্থাপনার করুণ চিত্রকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

