‘নতুন কুঁড়ি’ থেকে সাউথ এশিয়ান কাপ: চট্টগ্রামের ক্ষুদে কারাতে বীরদের বিরল সংবর্ধনা

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ১৮:৫৭

ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের মধ্য দিয়ে দেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং চট্টগ্রামের মান উঁচু তুলে ধরা তরুণ কারাতেবিদদের সম্মান ও অভিনন্দন জানানো হয়েছে।

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক এবং জাতীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি’ কারাতে প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জনকারী কৃতি খেলোয়াড়েরা চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের ব্যানারে সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ও সাউথ এশিয়া কাপে অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক জয় করে দেশমাতার মুখ উজ্জ্বল করেন এই উদীয়মান কারাতেবিদরা।

অন্যদিকে, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করে রানার্স-আপ হয়ে গৌরবময় রৌপ্য পদক ছিনিয়ে আনে স্কুলের শিক্ষার্থীরা।

খেলোয়াড়দের এই অভাবনীয় সাফল্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি কৃতি শিক্ষার্থীদের নিজ হাতে পুনরায় গলায় মেডেল পরিয়ে দেন এবং তাদের হাতে প্রশংসাসূচক সনদপত্র তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, নিয়মানুবর্তিতা, একাগ্রতা ও আত্মরক্ষার এই শিল্প আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম নতুন করে তুলে ধরছে। এই ধারা বজায় রেখে আগামীতে তোমরা বিশ্বমঞ্চ জয় করবে।

জেলা প্রশাসকের এমন উষ্ণ অভ্যর্থনা ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করে।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সহ-সভাপতি বুজেট ডায়েস ও উষা হ্লা মারমা।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগঠক, এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ এবং বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা কোচ ও সাধারণ সম্পাদক শিহান এ বি রনি।

কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট অভিভাবকেরা জেলা প্রশাসকের এই ইতিবাচক উদ্যোগ ও অকৃত্রিম ভালোবাসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ক্রীড়া অঙ্গনকে আরও এগিয়ে নিতে এ ধরণের স্বীকৃতি তরুণ অ্যাথলেটদের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি