পাঁচ বিষয়ে অকৃতকার্য, বাকলিয়ায় এসএসসি পরীক্ষার্থী নিহালের মর্মান্তিক বিদায়

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৮:৫৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এসএসসির ফলাফলের নির্মম হতাশা সইতে না পেরে আত্মহত্যা করেছেন ১৯ বছর বয়সী তরুণ আদনানুজ্জামান নিহাল।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কালামিয়া বাজার এলাকার নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন নিহাল।

কালামিয়া বাজার এলাকার মো. আনিসুজ্জামানের ছেলে নিহাল স্বপ্ন দেখেছিলেন বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফলাফল করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার।

কিন্তু সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়-পাঁচটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন তিনি। ফলাফল জানার পরপরই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

দীর্ঘদিনের পরিশ্রম ও পরিবারের প্রত্যাশার সমীকরণ মেলাতে না পেরে তীব্র বিষাদ ঘিরে ধরে তাকে।

সোমবার দিবাগত রাতের কোনো এক মুহূর্তে পরিবারের সবার অগোচরে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দেন নিহাল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনদের আকুল চিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে পুরো কালামিয়া বাজারে।

নিহালের চাচা জাহাঙ্গীর আলম অশ্রুসিক্ত চোখে জানান, পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করায় প্রচণ্ড মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল নিহাল। এশার নামাজের পর জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে পরীক্ষার খারাপ ফলাফলের হতাশা থেকেই এই করুণ পরিণতি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি