অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছরের অপেক্ষার অবসান, ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয়

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৭:০১

ডারউইনের বাইশ গজে আজ লেখা হয়েছে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ও গৌরবোজ্জ্বল অধ্যায়। টেস্ট র্যাঙ্কিংয়ের চূড়ায় থাকা শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে ধুলিসাৎ করে ৫ উইকেটের ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশ।

টানা চার দিনের একচ্ছত্র আধিপত্য শেষে ৫৭ রানের সহজ লক্ষ্য তাড়া করে অজি-দুর্গ জয় করল লাল-সবুজের প্রতিনিধিরা।

২৩ বছর আগে এই ডারউইন ও কেয়ার্নসের মাঠে অসহায় আত্মসমর্পণের যে তেতো স্মৃতি জড়িয়ে ছিল, দুই দশক পর সেই মাটিতেই লেখা হলো মধুর প্রতিশোধের কাব্য।

চার বিশ্বমানের বোলারকে নিয়ে গড়া অজি আক্রমণের সামনে কেবল লড়াই করার যে ন্যূনতম প্রত্যাশা ছিল, তা ছাড়িয়ে ১৩ আগস্ট প্রথম দিন থেকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের পেস আক্রমণের মুখে পড়ে দুই সেশনের মধ্যে মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের লড়াই সত্ত্বেও অজিদের দ্রুত সস্তায় অলআউট করার পর ব্যাটাররাও ধরে রাখেন সেই জয়ের ছন্দ।

তানজিদ হাসান তামিম হাঁকান ক্যারিয়ারের অন্যতম সেরা ঐতিহাসিক সেঞ্চুরি। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ তুলে নেন দুটি কার্যকর হাফ-সেঞ্চুরি। ব্যাটারদের যৌথ লড়াইয়ে বাংলাদেশ পেয়ে যায় ২২৮ রানের বিশাল লিড-যা বিদেশের মাটিতে প্রথম ইনিংসে টাইগারদের সর্বকালের সর্বোচ্চ।

বিশাল লিডের মানসিক চাপ নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাতে কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন সেঞ্চুরি হাঁকিয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও, শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে বড় কোনো লক্ষ্য দাঁড় করাতে ব্যর্থ হয় তারা।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে মাত্র ৫৪ রানে অলআউট করার সেই স্মৃতি অজিদের বাঁচাত পারল না। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ দ্বিতীয় ইনিংসে দ্রুত ফিরলেও সাদমান ইসলাম ও মুমিনুল হকের ঠাণ্ডা মাথার ব্যাটিং বাংলাদেশকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।

এই অবিস্মরণীয় জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ না হারা নিশ্চিত করল বাংলাদেশ।

ডারউইনের এই জয় কেবল একটি ম্যাচের ফল নয়, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়ের এক রাজকীয় সূচনা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি