বড়পোলে মহাসড়ক আটকে নির্মাণসামগ্রী, ২০ হাজার টাকা জরিমানা

না দিলে জেল

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৮:৩০

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বড়পোল মোড়ে জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে মহাসড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখার অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, মহাসড়কের ওপর দায়িত্বজ্ঞানহীনভাবে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে, যার ফলে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

এমন পরিস্থিতিতে জনস্বার্থে তাত্ক্ষণিক পদক্ষেপ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আদালতের আদেশে জানানো হয়, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অভিযুক্ত ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান শেষে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী হুঁশিয়ারি দিয়ে জানান, নগরের ব্যস্ততম সড়ক ও ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।

নির্মাণসামগ্রী বা অন্যান্য মালামাল রেখে পথ অবরুদ্ধ করার বিরুদ্ধে চসিকের এই অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি