রাতের আঁধারে নির্জন এক মেসঘরে মোমের আলো আর গোপন আড্ডায় জমে উঠেছিল আসর। হাতে হাতবদল হচ্ছিল একের পর এক তাস, আর টেবিলের ওপর জমা হচ্ছিল চকচকে টাকা।
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার ডিএসপি ঘাটের একটি মেসে তাসের চাল দিয়ে ভাগ্য বদলের এই খেলায় মত্ত ছিলেন ছয়জন মানুষ।
তবে তাদের এই গোপন আড্ডা দীর্ঘায়িত হতে দেয়নি সদরঘাট থানা-পুলিশ। চালের শেষ ঘুঁটি ফেলার আগেই পুলিশের ঝটিকা অভিযানে ধরা পড়তে হয়েছে তাদের।
গতকাল রোববার (৩০ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই মেসঘরে অভিযান পরিচালনা করে পুলিশ।
সেখান থেকে জুয়া খেলার অপরাধে হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে পুলিশ জুয়া খেলার সরঞ্জাম হিসেবে এক বান্ডেল তাস এবং নগদ ৩ হাজার ৭৭৫ টাকা জব্দ করে।
পুলিশ জানায়, বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে চট্টগ্রামে এসে সদরঘাটের ওই এলাকাতেই বসবাস করছিলেন তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. হেলাল উদ্দিন (৪৪), পাবনার বাঙ্গুরা উপজেলার মেন্দা স্বর্ণকারপাড়ার মিজানুর রহমান (৫০), ভোলার শশীভূষণ উপজেলার দেওয়ানবাড়ি করিমপুর এলাকার মো. কামাল হোসেন (৩৭), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী এলাকার মো. দিলদার (৩৬), ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. নজরুল (৪২) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ২ নম্বর খিরুদিয়া এলাকার বুলবুল (৩৫)।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, রাতের বেলা ওই মেসঘরে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছিল-এমন খবর পেয়েই অভিযান চালানো হয়।
আটক ছয়জনের বিরুদ্ধে সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
সামাজিক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

