যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। কমিশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তের তালিকায় থাকা অন্য কর্মকর্তারা হলেন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
আরও পড়ুন
দুদক সূত্রে জানা গেছে, উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ ও এই কর্মকর্তারা যোগসাজশ করে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, কাঙ্ক্ষিত পদে বদলি এবং কেনাকাটার কেন্ডারে নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দিয়েছেন-এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুদকের বিশেষ টিমটি এসব লেনদেন ও প্রশাসনিক অনিয়মের গভীরে গিয়ে তথ্য-উপাত্ত যাচাই করবে।
এর আগে আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, তদবির-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দীর্ঘ অনুসন্ধান চালায় সংস্থাটি।
২০২৫ সালের মে মাসে তাঁকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর ব্যাংক হিসাব, সম্পত্তি যাচাইসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদনও করা হয়েছিল।
তবে প্রায় ১১ মাস অনুসন্ধান শেষে গত ফেব্রুয়ারিতে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এপিএসের পর এবার খোদ সাবেক উপদেষ্টা ও মন্ত্রণালয়ের শীর্ষ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হওয়ায় যুব ও ক্রীড়াঙ্গনসহ প্রশাসনিক পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


