জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার দুটি ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযানে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও মোড়কজাতকরণের তথ্য গোপন করার দায়ে এক ডেইরি ফার্ম থেকে আগের ঘোষিত সাড়ে ৪ লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনিক ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং একেএস ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদনহীন ও মেয়াদ পার হওয়া ওষুধ বিক্রির প্রমাণ পান তদারকি দল।
অন্যদিকে, গত ৩০ আগস্ট চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ নামের এক প্রতিষ্ঠানে তদারকি অভিযানে বড় ধরনের জালিয়াতি ধরা পড়ে।
প্রতিষ্ঠানটির মোড়কজাত পণ্যে প্যাকেটজাতকরণের তারিখের কোনো উল্লেখ ছিল না। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও তাদের ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যে সংস্থাটির লোগো ব্যবহার করে বাজারে ছাড়া হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে ওই প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল, যা বুধবার আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ভোক্তার জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো পণ্যের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স।
পণ্যের গুণগত মান, মেয়াদ, সঠিক লেবেলিং ও সরকারি অনুমোদনের বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে এবং এ ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


