সন্ধ্যায় সহকর্মীদের সাথে এক সভায় অংশ নিয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে, পুরো সময় জুড়েই ছিলেন স্বাভাবিক ও হাসিখুশি।
কিন্তু সেই অফিসীয় ব্যস্ততা শেষ করে বাসায় ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই পাওয়া গেল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ।
বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার উত্তর আগ্রাবাদ রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
অফিস সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান ছায়েদুর রহমান।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সাথে একটি সভায় উপস্থিত ছিলেন। সভার পুরোটা সময়ই তাঁর আচরণ ছিল স্বাভাবিক। কাজ শেষে তিনি নগরের বাসায় ফেরেন।
পরিবার ও পুলিশের তথ্যানুযায়ী, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। বাইরে থাকার সময় স্ত্রীকে দ্রুত বাসায় ফেরার জন্য তাগিদ দেন তিনি।
পরে স্ত্রী বাসায় ফিরে ঘরের ভেতর ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছায়েদুর রহমান তিন কন্যাসন্তানের জনক। তাঁর বড় মেয়ে পেশায় একজন প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পর্যায়ে অধ্যয়নরত-তাঁরা দুজনই বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
মেজো মেয়ে পেশায় চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন। এমন একটি সফল ও সুপ্রতিষ্ঠিত পরিবারের প্রধানের হঠাৎ এই রহস্যজনক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়েনাল আবেদিন মণ্ডল জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


