দেড় হাজার ইয়াবাসহ ফটিকছড়ি ও বোয়ালখালীর দুই যুবক বাঁশখালীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৯

বাঁশখালীর চাম্বল ইউনিয়নে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেডএস-ভি২ মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চাম্বল ইউনিয়নের ছড়ারব্রীজসংলগ্ন পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে বাঁশখালী থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরং এলাকার বাসিন্দা মোহাম্মদ রবিউল হোসেন রায়হান (২৮) এবং বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা এলাকার রবিউল হোসেন ওরফে রবি (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে ইয়াবার একটি বড় চালান অতিক্রম করার তথ্য পেয়ে ছড়ারব্রীজ এলাকায় অবস্থান নেয় পুলিশ।

বিকেল সাড়ে চারটার দিকে একটি ধূসর রঙের ইয়ামাহা এফজেডএস-ভি২ মোটরসাইকেলকে গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

এ সময় বাইকের চালক ও আরোহীর কাছ থেকে পলিথিনে মোড়ানো ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দের পাশাপাশি মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি