সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য ছড়িয়ে পড়তে কয়েক সেকেন্ড লাগে, প্রতিক্রিয়া জানাতে লাগে মাত্র ১ সেকেন্ড। কিন্তু সেই তথ্যের সত্যতা যাচাই না করে হুট করে দেওয়া একটি রিঅ্যাক্ট বা মন্তব্যে চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে একজন মানুষের সম্মান, পরিবার কিংবা পুরো একটি প্রতিষ্ঠান।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার ও নেতিবাচক প্রভাব নিয়ে এই তীব্র আশঙ্কার কথা ব্যক্ত করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ:
অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক এই বিশেষ সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবেগ ও অন্ধ অনুকরণ ছেড়ে যুক্তি ও বিবেক দিয়ে তথ্য বিচারের আহ্বান জানান।
ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডিজিটাল দুনিয়ায় নেতিবাচক ও ভুল তথ্য মানুষকে দ্রুত আকৃষ্ট করে। কিন্তু তথ্যের গভীরতা বা প্রেক্ষাপট না বুঝে প্রতিক্রিয়া জানালে সমাজে অস্থিতিশীলতা ও পাল্টা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ইতিহাসের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন, তথ্য যেমন সঠিক সিদ্ধান্তে সাহায্য করে, তেমনি উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য বড় রাষ্ট্রীয় বা সামাজিক সংকট তৈরি করতে পারে।
প্রযুক্তির অগ্রগতির এই যুগে কোনো কিছু ঢেকে রাখা বা আড়াল করার সুযোগ কমে আসছে উল্লেখ করে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, পরিবেশ যেমন পরিষ্কার রাখতে হবে, তেমনি নিজের কাজকর্মও পরিষ্কার রাখতে হবে। ডিজিটাল যুগে চাইলেই কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়।
তবে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আইন অনুযায়ী গোপনীয় তথ্য সুরক্ষার পাশাপাশি সাধারণ জনগণের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট তথ্যে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির ভূমিকা তুলে ধরে তিনি চট্টগ্রাম শহরজুড়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারিতে এআইনির্ভর ক্যামেরা স্থাপনের উদ্যোগের কথা জানান।
তবে প্রযুক্তির ব্যবহার যতোই বাড়ুক না কেন, তা কখনো মানুষের বিবেকের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
ডিসি বলেন, মানুষ যদি নিরপেক্ষ ও আইন অনুযায়ী চলেন, তবে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার প্রয়োজন হবে না।
একে অপরকে অনর্থক দোষারোপ না করে নাগরিকের অধিকার, নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘটে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


