১৭ থানার পূজা নেতৃবৃন্দের সঙ্গে এসপি মাসুদ আলমের মেগা মিটিং

দুর্গাপূজা নিরাপদ রাখতে মহাপরিকল্পনা,গঠন হচ্ছে সম্প্রীতি কমিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১৬:১২

উৎসবে কোনো বাধার বিন্ধ্যাচল নয়, বরং সম্প্রীতি ও নিরাপত্তাবেষ্টনীতে ঘেরা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে এবারের শারদীয় দুর্গাপূজা।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবকে নির্বিঘ্ন, সার্বিক নিরাপদ ও চোখধাঁধানো আয়োজনে সার্থক করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আজ বেলা ১১টায় পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের শীর্ষ প্রতিনিধিরা মুখোমুখি হন জেলা পুলিশ প্রশাসনের।

জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সভায় উৎসবের প্রতিটি ধাপ নিরাপদ রাখার এক সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হয়।

নিরাপত্তার নতুন বিন্যাস ও প্রযুক্তি
সভায় উপস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১৭ থানার অফিসার ইনচার্জদের উপস্থিতিতে পূজামণ্ডপের সার্বিক সুরক্ষায় বেশ কিছু জরুরি দিকনির্দেশনা দেওয়া হয়।

ভক্তবৃন্দের স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিতের পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে।

প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক চালু রাখা, পর্যাপ্ত আলোকসজ্জার পাশাপাশি বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।

উসকানিতে শূন্য সহনশীলতা ও সামাজিক মাধ্যমে নজরদারি
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য প্রচার রোধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

কোনো তথ্য যাচাই ছাড়া শেয়ার না করার বিনীত অনুরোধ জানিয়ে পুলিশ সুপার বলেন, বিভ্রান্তিকর কিছু নজরে এলেই দ্রুত পুলিশকে জানান। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

ধর্মীয় সৌহার্দ্য ও আজানের প্রতি সংবেদনশীলতা
সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বজায় রাখতে প্রতিটি এলাকায় স্থানীয় মসজিদ কমিটি, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ‘সম্প্রীতি কমিটি’ গঠনের পরামর্শ দেওয়া হয়।

পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পাশ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা এবং শ্রদ্ধা প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

আইন নিজের হাতে নয়, তাৎক্ষণিক সমাধান
ক্ষুদ্রতম বিরোধ যেন বড় কোনো জটিলতার সৃষ্টি করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় পুলিশ প্রশাসন।

অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে না নিয়ে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সভায় আগত ১৭ থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার স্থানীয় পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি ও সার্বিক প্রয়োজনীয়তার কথা খোলামেলাভাবে তুলে ধরেন। জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পূর্ণ আশ্বাস দেয়।

পরিশেষে, চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পূজারী, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে-আসুন, পারস্পরিক ভালোবাসা ও আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজাকে এক অনন্য, শান্তিপূর্ণ ও আনন্দময় উৎসবে পরিণত করি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি