চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রকাশ্য সমালোচনার মুখে হঠাৎ করেই আলোচনা আসেন খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম।
মেয়রের সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে সরাসরি খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হলো।
পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই পদায়নের কথা জানানো হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশে কড়া নির্দেশনাও দেওয়া হয়েছে-১০ অক্টোবরের মধ্যে তাঁকে সিএমপি থেকে অবমুক্তির আদেশ সংগ্রহ করতে হবে। অন্যথায় ১১ অক্টোবর থেকে তিনি স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
গত ৮ অক্টোবর এই বদলির আদেশ জারি হলেও সিএমপি সদর দপ্তরে কাগজপত্র পৌঁছানোর পর শনিবার (১০ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।
বিশ্লেষকদের মতে, এই বদলির নেপথ্যে রয়েছে পুলিশের তালিকাভুক্ত অপরাধী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়ে মেয়র ও পুলিশের মধ্যকার সাম্প্রতিক শীতল লড়াই।
গত ৭ অক্টোবর ওয়ান্টেড ওই অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
এর ঠিক কয়েক ঘণ্টার মাথায় প্রথম দফায় তাঁকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) পদায়ন করা হয়েছিল। আর এবার একেবারে চট্টগ্রাম ছেড়ে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে যাওয়ার নির্দেশ এল।
যাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের এমন রদবদল, সেই ওয়াকিল হোসেন ওরফে বগা (বিহারি বগা নামেও পরিচিত) দীর্ঘদিন ধরে অপরাধ জগতের এক পরিচিত নাম।
পুলিশ সূত্র বলছে, তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং পরবর্তীতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ২১টিরও বেশি মামলা রয়েছে।
এই শীর্ষ অপরাধীকে গ্রেপ্তারের প্রচেষ্টা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পুলিশের দ্বন্দ্বই শেষ পর্যন্ত ওসি আবদুর রহিমের বর্তমান এই অবস্থানে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


