নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল ৬ বছরের হোসাইনের মরদেহ

আনোয়ারায় শোকের সকাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৫:৪৪

চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে মো. হোসাইন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হোসাইন ওই এলাকার রমজান আলী হাজীর বাড়ির আব্দুর রহিমের ছোট ছেলে। তার বাবা চট্টগ্রাম বন্দরে শ্রমিক হিসেবে কাজ করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে হোসাইন ছিল সবার ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল হোসাইন। তাকে খেলতে রেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যেই কখন যে সে নিখোঁজ হয়, তা পরিবার বুঝতে পারেনি। সন্ধ্যার পর ঘরে না ফেরায় শুরু হয় ছোটাছুটি।

এলাকায় মাইকিং ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেলেনি কোনো সন্ধান। অবশেষে রাত নয়টার দিকে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা আব্দুর রহিম।

সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে পানি আনতে গিয়ে স্থানীয় কয়েকজন নারী শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে স্বজন ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

নিহতের চাচা মো. জাবেদ বলেন, কাল সন্ধ্যা থেকে ওকে কোথাও পাওয়া যাচ্ছিল না। মাইকিংও করা হয়েছিল। ভেবেছিলাম হয়তো ফিরে আসবে, কিন্তু সকালে এমন সংবাদ শুনতে হবে-কখনো ভাবিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক জানান, অত্যন্ত দরিদ্র পরিবারের এই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মা তাদের আদরের ধনকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।

শিশুটি সাঁতার জানত না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি