কুমারী লগ্নজীতার আরাধনায় পটিয়ার ব্রাহ্মণপাড়ায় বইছে ভক্তি ও আনন্দের ফল্গুধারা

মহাষ্টমীর পরম পবিত্র লগ্নে ভক্তদের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১২:৩৫

শরতের স্বচ্ছ নীল আকাশ, শিউলির সুবাস আর ধানের শীষে শিশিরবিন্দুর আলপনা জানান দিচ্ছে পরমবৈষ্ণবী মাতা যোগমায়াদেবীর আগমনী বার্তা।

ঢাকের কাঠি আর শঙ্খধ্বনিতে আবহমান বাংলার গ্রাম-জনপদে এখন শারদীয় দুর্গোৎসবের প্রাক-উৎসব মুখরতা।

এই আনন্দ আর ভক্তির আবহ স্পর্শ করছে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদ্গাঁও অঞ্চলের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামদনমোহন ও তারা মা মন্দিরকে।

আগামী ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমীর পরম পবিত্র লগ্নে ব্রাহ্মণপাড়ার এই মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহতী কুমারী পূজা।

সনাতন শাস্ত্র মতে, কুমারী পূজায় সাকাল্য নারীর ভেতরে লুকিয়ে থাকা মহামায়ার পবিত্র রূপকে জাগ্রত ও বন্দনা করা হয়।

সৃষ্টি, স্থিতি ও লয়ের প্রতিকারূপিণী পরমেশ্বরীকে মর্ত্যের ধূলিকণায় জীবন্ত দেবীরূপে স্পর্শ করার এই তিথি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত ভাবগম্ভীর ও তাৎপর্যপূর্ণ।

এ বছর পটিয়ার এই পূজামণ্ডপে ভক্তবৃন্দের ভক্তি-অর্ঘ্য গ্রহণ করবেন কুমারী লগ্নজীতা চৌধুরী।

তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, স্থানীয় সনাতন অনুরাগী অরজিত চৌধুরী ও দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাপলা পাল দম্পতির স্নেহান্ধা কন্যা।

মহাষ্টমীর সুপ্রভাতে শ্রী শ্রী রাধামদনমোহন ও তারা মা মন্দিরের প্রধান পূজারী শ্রী বাবলা চক্রবর্তীর মন্ত্রোচ্চারণে, ধূপ-দীপ, পুষ্পমাল্য ও ষোড়শ উপচারে লগ্নজীতাকে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে আরাধনা করা হবে।

মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, উৎসবকে কেন্দ্র করে স্থানীয় পুণ্যার্থীদের মাঝে এক আধ্যাত্মিক উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। মণ্ডপ সজ্জা, প্রতিমার অঙ্গরাগ এবং পূজার নানাবিধ উপাচার গোছাতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

শ্রী শ্রী রাধামদনমোহন ও তারা মা মন্দির পরিচালনা পরিষদের সদস্যরা জানান, দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ এই কুমারী পূজা যাতে সুষ্ঠু ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হতে পারে, সে জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

মহাষ্টমীর দিন ভোর থেকেই পুণ্যার্থীদের চরণ স্পর্শে মুখরিত হয়ে উঠবে সমগ্র ব্রাহ্মণপাড়া।

পরমবৈষ্ণবী মাতা যোগমায়াদেবীর এই পরম পূজনে সকল ভক্ত ও পুণ্যার্থীদের উপস্থিত থেকে দেবীর কৃপা ও আশীর্বাদ গ্রহণের জন্য বিনীত আহ্বান জানিয়েছে মন্দির পরিচালনা কমিটি।

একই সঙ্গে শারদীয় এ মহোৎসবকে সর্বাঙ্গীন সুন্দর ও সার্থক করে তুলতে সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি