চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমন (২১) নামের এক যুবককে আটক করে পিটিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহতের ফুফু বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার পরপরই দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত চার আসামি হলেন-আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) এবং মো. মিজানুর রহমান (২৭)।
তারা সবাই বাকলিয়ার কল্পলোক আবাসিক ও বাস্তহারা বস্তি এলাকার বাসিন্দা। নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও একজন আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে ধরে বেধড়ক মারধর করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখের একটি সেতুর নিচে ফেলে রাখা হয়।
খবর পেয়ে ইমনের ফুফু ও তার ছেলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা ও আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।
পলাতক অপর আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


