টানা ৩০ ঘণ্টার দমবন্ধ করা অবরুদ্ধ পরিস্থিতি, সেখান থেকে উদ্ধার হয়ে হাসপাতালের জরুরি কক্ষ-সব ঝুটঝামেলা সামলে উঠেই প্রশাসনিক কাজে পুরোদমে ফিরলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষ করে সার্কিট হাউজে ফিরেই আর সময় নষ্ট করেননি তিনি, ডেকে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যদ ‘সিন্ডিকেট’ এর জরুরি সভা।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ এই সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার সন্ধ্যায়। সেদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে টানা প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য। পরবর্তীতে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যক্ষ সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়।
টানা উত্তেজনার পর শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় চিকিৎসাসেবা শেষে বৃহস্পতিবার দুপুরে তিনি ছাড়া পান এবং সাময়িকভাবে সার্কিট হাউজে ওঠেন।
শারীরিক ধকল সম্পূর্ণ না কাটলেও সার্কিট হাউজে পৌঁছানোর পরপরই বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি পদক্ষেপ নেন উপাচার্য।
এ বিষয়ে চুয়েটের সিন্ডিকেট সদস্য এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য মহোদয় আজ সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে ছুটিতে থাকায় সভায় যুক্ত হতে পারব কি না, তা এখনো নিশ্চিত নয়।
সিন্ডিকেটের অপর সদস্য এবং ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন জানান, উপাচার্যের পক্ষ থেকে সিন্ডিকেট সভার বিষয়ে একটি বার্তা পৌঁছেছে।
তবে সাম্প্রতিক এসব ঘটনা এবং সন্ধ্যার জরুরি সিন্ডিকেট সভার আলোচ্য সূচি নিয়ে সরাসরি কথা বলতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের মুঠোফোনে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টানা অবরুদ্ধ দশা, আকস্মিক অসুস্থতা এবং হাসপাতাল থেকে ফিরেই এ ধরনের দ্রুত সিন্ডিকেট সভা ডাকার ঘটনা চুয়েটের অভ্যন্তরীণ প্রশাসনিক অঙ্গনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আজকের ভার্চুয়াল বৈঠক থেকে কী ধরনের নীতিগত বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে, সেদিকেই এখন নজর পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


