পাহাড়ের নির্জনতায় সিএনজির ভেতরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

জনতার হাতে ধরা পড়ে লম্পট চালক হান্নান এখন কারাগারে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১২:২৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট ঠান্ডাছড়ি চা বাগান এলাকায় এক মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

সিএনজি অটোরিকশার ভেতরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে আব্দুল হান্নান (৩৫) নামের এক চালককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় জনতা তাঁকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) শেষ রাতের দিকে (ভোর চারটার দিকে) রাজানগর রানীরহাট বাজারের পাশে ঠান্ডাছড়ি ৫ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের সংলগ্ন নির্জন পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

সিএনজির ভেতরে ওই নারীর ওপর পাশবিক নির্যাতন চালানো হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা তাৎক্ষণিকভাবে সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্ত চালককে আটক করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়।

গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য ঘাগরা জুরেরকুল এলাকার মৃত আনসারুল হকের ছেলে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি