back to top

নাহিদের নেতৃত্বে হাটহাজারী মাদ্রাসায় এনসিপি নেতৃবৃন্দ

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ০৬:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন দলটির নেতা-কর্মীরা।

গতকাল রবিবার রাত ১০টার দিকে নেতা-কর্মীরা মাদ্রাসায় পৌঁছান। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফসহ দলটির নেতাকর্মীদের বরণ করে নেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

মাদ্রাসায় প্রবেশের পর প্রথমে হেফাজত ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন এনসিপি নেতাকর্মীরা।

জিয়ারত শেষে তারা মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিছ মুফতি জসিম উদ্দিন, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফ আলী নিজামপুরী, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ ফয়সাল বিন আজিম।

ভিডিওতে দেখা যায়, গাড়ি নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করেন নাহিদ ইসলাম। তাঁকে ঘিরে উচ্ছ্বসিত মাদ্রাসার শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে গতকাল রবিবার রাত আটটায় চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষ করে নেতা-কর্মীদের কয়েকজন রওনা দেন বিপ্লব উদ্যান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের হাটহাজারী মাদ্রাসায়।

১ জুলাই থেকে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে এনসিপি। এর অংশ হিসেবে আজ বিকেল পাঁচটায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলটি।

গত বছরের ১৮ জুলাই বহদ্দারহাটে আন্দোলন চলাকালে পাঁচজন শহীদ হন। বহদ্দারহাট হয়ে উঠেছিল প্রতিরোধের কেন্দ্র। এ কারণে সেই বহদ্দারহাট এলাকা থেকেই চট্টগ্রামের পদযাত্রা শুরু হয়।

পরে বিপ্লব উদ্যানে এসে পদযাত্রা শেষে সমাবেশ করেন নেতা-কর্মীরা।