back to top

আবারও গ্রেপ্তার হলেন ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫০

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচারের মামলায় সাজাপ্রাপ্ত সেলিম প্রধানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে সিসা বার পরিচালনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইন।

তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় অবস্থিত একটি সিসা বারের মালিক এবং সেখান থেকেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি বিমান থেকে সেলিম প্রধানকে আটক করেছিল র‍্যাব।

পরে তার বাসা ও কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত।

এমনকি দণ্ডপ্রাপ্ত অবস্থায় তিনি গত বছর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্রও জমা দেন। তবে দণ্ডিত হওয়ায় যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে।