back to top

সীতাকুণ্ডে রোলিং মিলে মেশিন চাপায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রোলিং মিলে কাজ করার সময় মেশিনের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে অবস্থিত জে.কে স্টিল রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রাজু চৌধুরী মিন্টু (৩০)। তিনি কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার মুহুরী পাড়ার বাসিন্দা।

কারখানার সিকিউরিটি নুরুল আমিন জানান, কারখানার ভেতরে কাজ করার সময় হঠাৎ মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজু। এসময় ঘটনাস্থল থেকে কর্মরত শ্রমিক ও কর্মকর্তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

কারখানার হিসাব রক্ষক মো. আজিম বলেন, “আমাদের কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ। মেশিনপত্র অন্যত্র সরিয়ে নিতে শ্রমিক দিয়ে কাজ চলছিল। সন্ধ্যায় কাটিং কাজের সময় রাজু মেশিনের নিচে চাপা পড়ে মারা যান।”

সীতাকুণ্ড থানার এসআই মো. রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।