back to top

বাঁশখালীতে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল বোনের

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১১:৩৭

চট্টগ্রামের বাঁশখালীতে চাচাত ভাইয়ের ইটের আঘাতে বোন রিপু আক্তার (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার সময় বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সলার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিপু আক্তার (৩০) বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ‘নিহত রিপু আক্তার গত মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যায়।

বৃহস্পতিবার সকালে জায়গা-জমির বিরোধ নিয়ে চাচা ফরিদ আহমদের পরিবারের সাথে রিপুর পরিবারের মারামারি হয়।

এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে চাচাত ভাইয়েরা রিপুকে ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এদিকে রিপু আক্তারের মৃত্যুর পরপরই রিপুর বড় বোনের ছেলে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তাদের দুই মামাকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে।

বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে রিপু আক্তার নামে এক গৃহবধূর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়।

হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’

জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘জায়গা-জমির বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে দু’পক্ষের কয়েকজন আহত হন। এতে রিপু আক্তার গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।