চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালীগঞ্জ ব্রিজ এলাকায় সংঘবদ্ধ ডাকাতদলের অবস্থান করার খবরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে পরিচালিত এ অভিযানে ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি তাজা কার্তুজ, ১টি পাইপগান সদৃশ লোহার অস্ত্র, ১টি দেশীয় লোহার অস্ত্র, ৩টি বেসবল ব্যাট, ২টি জম্বি ব্যাট, ১টি তলোয়ার, ৫টি বড় রামদা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পরৈকোড়া গ্রামের মো. সাকিব প্রকাশ শাকিল (২১), শাহাদাত হোসেন (২২), পটিয়ার ভান্ডারগাঁও এলাকার মোহাম্মদ নেছার (২২), মো. সাইফুল ইসলাম (৩৫), গৌরনখাইন এলাকার মো. আরিফুল ইসলাম প্রকাশ বাবু (২৫), শান্তির হাটের মো. হাবিব (২৩) এবং দক্ষিণ আশিয়াইশের মো. রাজীব চৌধুরী (২১)।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, ২০ থেকে ২৫ জনের একটি সক্রিয় ডাকাতদল চারটি সিএনজি নিয়ে এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে ৭ জনকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ১টি এলজি, ১টি তাজা কার্তুজ, ১টি পাইপগান সদৃশ লোহার অস্ত্র, ১টি দেশীয় লোহার অস্ত্র, ৩টি বেসবল ব্যাট, ২টি জম্বি ব্যাট, ১টি তলোয়ার, ৫টি বড় রামদা ও ১টি কুড়াল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মনির হোসেন বলেন, ডাকাতদলের এমন কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সর্বদা সজাগ রয়েছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
অভিযানের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



