চট্টগ্রামের পটিয়া উপজেলার নয়াহাট এলাকা থেকে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড কোম্পানির সয়াবিন তেলবাহী একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ১০টায় আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ সময় ছিনতাই করা মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুজন দত্ত (৪৫)। সে ওই ইউনিয়নের দিলীপ দত্তের ছেলে।
আজ শনিবার ছিনতাই ও গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে নয়াহাট এলাকায় স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড কোম্পানির সয়াবিন তেলবাহী একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাই হয়।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও গাড়িসহ তেল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর কোম্পানির কর্মকর্তা শাহ জুলহাস বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকাল সাড়ে ৪টায় আনোয়ারা উপজেলার চাতরি ইউপির নি জবাড়ি থেকে সুজন দত্তকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ছিনতাই করা মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার তেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ দে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



