back to top

আনোয়ারায় জনতার হাতে দুই গরুচোর ধরা

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১১:১১

চট্টগ্রামের আনোয়ারায় ভোররাতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই চোর। পরে গণধোলাই দিয়ে দুজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রবিবার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর আবু আলী টেক এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত দুইজন হাইলধর গ্রামের মো. কেনু (৪০) ও দক্ষিণ হাইলধর গ্রামের মো. নাজিম (৪২)। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, চলতি মাসে এই এলাকায় পরপর পাঁচটি গরু চুরি হয়। এতে বেশ কিছুদিন ধরেই এলাকাজুড়ে চুরির আতঙ্ক বিরাজ করছিল।

শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে পশ্চিম হাইলধরের একটি বাড়িতে চোরের দল হানা দিলে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠে চোরদের ধাওয়া দেয়।

পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রবিবার ভোররাতে একটি পুকুরে লুকিয়ে থাকা কেনুকে ধরে ফেলে জনতা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর চোর নাজিমকেও আটক করা হয়।

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “স্থানীয়রা দুই চোরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”