back to top

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫ ১৮:২৬

আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

১৯৭৫ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে অরাজকতা ও অনিশ্চয়তার আবহ কাটিয়ে বাংলাদেশে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়।

সেদিন রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওইদিন জাতি আবারও শুনেছিল তার কণ্ঠ— “আমি জিয়া বলছি”।

মুক্তিযুদ্ধের সূচনালগ্নে যে কণ্ঠে স্বাধীনতার আহ্বান ধ্বনিত হয়েছিল, আবারও সেই কণ্ঠে উচ্চারিত হয় আশ্বাসের সুর।

মুহূর্তেই জেগে ওঠে ১৯৭১-এর মুক্তির প্রেরণা, যেন বুকের ভার নেমে গিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে স্বস্তির নিঃশ্বাস।

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় সৈনিক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিপ্লব ও বিজয়ের মিছিলের ঢল নামে।

কাঁধে কাঁধ মিলিয়ে তারা উচ্চারণ করে— “সিপাহী-জনতা ভাই ভাই”, “বাংলাদেশ জিন্দাবাদ”, “মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ”, “সিপাহী-জনতা এক হও”।

ইতিহাসের এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয় এবং পরবর্তীকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।

১৯৭৫ সালের এই দিনে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান দেশকে ভূরাজনৈতিক, সম্প্রসারণবাদী ও নব্য-ঔপনিবেশিক ষড়যন্ত্রের জাল থেকে মুক্ত করেন।

জাতীয় সংকটের সেই ভয়াবহ সময়ে দেশপ্রেমিক বিপ্লবী সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে জেনারেল জিয়াকে নেতৃত্বে আনেন।

৭ নভেম্বরের পর থেকে আত্মমর্যাদাসম্পন্ন ও স্বাতন্ত্র্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশি জাতীয় সংস্কৃতি ও পরিচয়ের বিকাশ শুরু হয়। নতুন ভোরের সেই ইতিহাসে নেতৃত্ব দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বিএনপির কর্মসূচি
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দিনটি উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১০টায় দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বিকেল ৩টায় নয়াপল্টন থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি র‌্যালি বের করবে। পাশাপাশি সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হবে।

এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

এ ছাড়াও—
জাতীয়তাবাদী শ্রমিক দল: ৫ নভেম্বর আলোচনা সভা করেছে।

ছাত্রদল: ৮ নভেম্বর আলোচনা সভা করবে (৭ ও ৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী)।

ওলামা দল: ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে।

তাতীদল: ১০ নভেম্বর আলোচনা সভা করবে।

কৃষকদল: ১১ নভেম্বর আলোচনা সভা করবে।

জাসাস: ১৩ নভেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।

দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর দুপুর ২টায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।