চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজারে জালনোটসহ মো. আবদুল মোতালেব (৩৮) নামের এক প্রতারককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ৩২ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করে পুলিশ। এ সময় প্রতারণাকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক মো. আবদুল মোতালেব রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় তার বাড়ি। তবে তাদের মূল বাড়ি কুমিল্লায় এবং বাবা বনবিভাগের অবসরপ্রাপ্ত স্টোরকিপার ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বাজারের পূর্বদিকে পৌরসভা মার্কেটের তেলের দোকানের পাশে বিকাশ ব্যবসা করে আবদুল মান্নান। মোতালেব ২০ হাজার টাকা বিকাশ করার সময় জাল নোট ব্যবহার করে প্রতারণার চেষ্টা করেন।
বিষয়টি বুঝতে পেরে দোকানদার তাকে দৌড়ে ধরে ফেলে। পরে পায়ের মোজার মধ্যে লুকানো অবস্থায় মোট ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার নিশ্চিত করেছেন, খবর পেয়ে মোতালেবকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



