চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন—হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকার চাঁনগাজী চৌধুরী বাড়ির সাবেক স্কুলশিক্ষক মো. ইউছুপের ছেলে ইফতেখার রাহাত (৩০) এবং একই বাড়ির প্রয়াত নুর আহমদ চৌধুরীর ছোট ছেলে আবিদুল হাসান (৩৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
অসুস্থ চাচাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেক থেকে চিকিৎসা শেষে ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তারা বাড়ি ফিরছিলেন।
লালিয়ারহাট এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আবিদুল হাসানকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা রাশেদ চৌধুরী নামের আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় একই পরিবারের দুজনকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



