আসন্ন জাতীয় নির্বাচন নির্বিঘ্ন ও সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচন—উভয় ক্ষেত্রেই আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
আরও পড়ুন
তিনি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কমনওয়েলথ মহাসচিবের গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার অনুরোধের জবাবে কমনওয়েলথ মহাসচিব বটচওয়ে নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন-পরবর্তী পর্যায়ে বাংলাদেশের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
তিনি জানান, বাংলাদেশ সফরে তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। যা তাকে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে খুবই আশাবাদী করেছে।
বৈঠকে মহাসচিব নিশ্চিত করেন, নির্বাচনে কমনওয়েলথ একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।



