চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘাটঘর জেলে পাড়ার কাতার প্রবাসী বদন জলদাশের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার থেকে বুধবার ভোরের মধ্যে কোন এক সময়ে ঘরের তালা ভেঙ্গে ভেতরে ডুকে স্বর্ণালংকার, নগদ টাকা, ফ্রিজসহ মূল্যবান সরঞ্জামসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়।
গৃহকর্তা বদন জলদাশ জানান, গত সোমবার ঘরে তালা দিয়ে পরিবারবর্গ নিয়ে শ্বশুর বাড়ি সন্দ্বীপে বেড়াতে যান তিনি। বুধবার সকালে বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা রয়েছে। এরপর ঘরে ঢুকে দেখেন ঘর মোটামুটি ফাঁকা।
তিনি জানান, চোরের দল গাছ বেয়ে টিনে উঠে টিন কেটে ভেতরে ঢোকে। পরে সব রুমে ঘুরে ঘুরে মূল্যবান সব কিছু নিয়ে যায়। যাবার সময় গেটের তালা কেটে চলে যায়। ঘরে ফিরে তিনি দেখেন আলমারি ভেঙে ৯ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকাসহ দুইটি পাসপোর্ট, ২টি মোবাইল সেট, আস্ত ফ্রিজ, পানির মোটর, ১০টি কম্বল, গ্যাসের চুলা, সমস্ত কাপড় চোপড়, পিতলের থালা এমনকি প্রত্যেক রুম থেকে বৈদ্যুতিক বাল্বসহ সমস্ত কিছু নিয়ে গেছে তারা।
বদন দাশের স্ত্রী বলেন, আমার ঘরের সমস্ত ব্যবহারিক জিনিসপত্র, কাপড় চোপড় এমন কি ভাত খাওয়ার থালা, পাতিলসহ সব কিছু নিয়ে আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে ওরা।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, চুরির ঘটনার বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



