back to top

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য জুবাইদা রহমান দেশে আসছেন

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১২

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজকে মধ্যরাতের পরে অথবা আগামীকাল ভোরে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মধ্য রাত্রির পরে অথবা আগামীকাল সকালের ভেতর উনাকে লন্ডনে একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘উনার যাওয়ার সময় উনার সাথে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক উনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন, তারাও উনার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে বিমানে থাকবেন। যাতে উনার যাত্রাপথ কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়।’

এদিকে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওনা হবেন।

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কাতার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

গতকাল বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি এবং তার এ অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা।

এমন পরিস্থিতির মধ্যে গতকাল তার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সাথে যুক্ত হন।

নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ১ ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে।

এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান।

ইতিমধ্যে এই মেডিকেল বোর্ডে বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল যোগ দিয়েছে।