চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত আবুল কালাম (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবুল কালাম বাক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন।
এর আগে গতকাল সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক অতিক্রম করার সময় উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি আহত হয়েছিলেন।
চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল মাবুদ জানান, রবিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় আবুল কালামকে একটি বাস চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



