back to top

মা-মেয়ে হত্যাকারী গৃহকর্মী গ্রেপ্তার, পালাতে সহায়তা করে স্বামী

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৪:১৬

রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যার পর তার স্বামী রাব্বী বিষয়টি জানতে পারেন। পরে তিনি আয়েশাকে পালাতে সাহায্য করেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নলসিটিতে দাদা শ্বশুরের বাড়ি থেকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করে আয়েশাকে। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বীকে হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান।

মা-মেয়েকে হত্যার প্রায় ছয়মাস মতো আগে আয়েশা মোহাম্মদপুরেরই আরেকটি বাসায় চুরি করে, তারাও অভিযোগ করেছিল আয়েশার বিরুদ্ধে।

আর এ অভিযোগের সূত্র ধরেই আয়েশার খোঁজ করে অবশেষে আজ সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।

সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে।

এই হত্যার ঘটনায় মৃতের স্বামী আজিজুল ইসলাম একমাত্র সন্দেহভাজন গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।