চট্টগ্রামে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ,কারখানা সিলগালা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৭

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদন কারখানার সন্ধান পেয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭ ও বিএসটিআই।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ ডিসেম্বর) ভেজাল সাবান তৈরির ওই কারখানাটি শনাক্ত করে র‌্যাব।

পরে বিএসটিআই টিম সাথে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে কারখানা থেকে ডেটল, সলিড, লিফোর্ডসহ নামীদামী ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান উদ্ধার করা হয়।

জব্দ করা হয় নকল সাবান তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম। জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয় তিনজনকে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, মূলত এটি রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হতো।

কিন্তু, রিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে রাতের বেলায় লোকজন এনে নকল সাবান তৈরির কাজ করা হচ্ছিল।গোপনে এমন তথ্য পেয়ে আজ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে এসব পণ্য বাজারজাত করা হচ্ছিল। সাবান তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

কারখানাটি সিলগালা করে দেওয়া হবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।