back to top

চট্টগ্রামের মইজ্জারটেক এলাকা থেকে বিদেশি সিগারেট জব্দ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৬

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন নিউজ : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  কুরিয়ার পরিবহনের একটি গাড়ি থেকে ১৯ কার্টন বিদেশি  সিগারেট জব্দ করেছে পুলিশ ।

পুলিশ জানায়, অভিযানকালে প্রিমিয়াম কোয়ালিটির ORIS Silver (Nano) ব্র্যান্ডের ১৯ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১৯ লাখ টাকা। এ ঘটনায় প্রেরক ও প্রাপক প্রতিষ্ঠানকে পলাতক দেখিয়ে কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ধারায় মামলা হয়েছে। মামলার বাদি এসআই কে এম নাজিবুল ইসলাম তানভীর।

পুলিশের এজাহারের তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর ভোরে মইজ্জ্যারটেক মোড়ের পুলিশ চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি থামানো হয়। তল্লাশিতে ৭টি সাদা প্লাস্টিকের বস্তায় ১৯ কার্টুন সিগারেট উদ্ধার হয়। প্রতিটি কার্টুনে ৫০টি প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ১০টি করে ছোট প্যাকেট—মোট ৯ হাজার ৫০০টি ছোট প্যাকেট। প্রতিটি প্যাকেটের মূল্য ২০০ টাকা ধরে বাজারমূল্য ধরা হয়েছে ১৯ লাখ টাকা।

এজাহারে উল্লেখ করা হয়, উদ্ধারকৃত সিগারেটের গায়ে লেখা ছিল “NANO ORIS SILVER MADE IN U.A.E, UNDER AUTHORITY OF THE TRADEMARK OWNER IN GERMANY”। সেগুলো বাংলাদেশে বৈধভাবে উৎপাদিত নয় এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ইউডি