back to top

আনোয়ারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের বিলপুর গ্রামের তালুকদার বাড়িতে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। মৃত ওই শিশুর নাম সাইফা নুর সোহা। সে ওই এলাকার প্রবাসী মো. সুমনের কন্যা।

জানা যায়, দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।