back to top

আনোয়ারায় যুবলীগ নেতা গিট্টু নাছির গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উত্তর চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে মো. নাছির (৩৩) ওরফে গিট্টু নাছির নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির ওই এলাকার মৃত মোহাম্মদ জালাল সওদাগরের ছেলে।

পুলিশ জানায়, তিনি স্থানীয় যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে অস্ত্র ও ইয়াবা সংক্রান্ত মামলা ছাড়াও বিএনপির একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘অভিযান চালিয়ে মো. নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’