চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন এমএ ব্রিক্স নামক একটি ইটভাটায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই ইটভাটার অটো ব্রিকস মেশিনে আটকে মারা গেছেন শ্রমিক রায়হান উদ্দীন (১৮)।
নিহত রায়হান উদ্দীন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি ফটিকছড়ির রেজাউল করিমের মালিকানাধীন এম এ ব্রিক্স নামে একটি ইটভাটায় অটো ব্রিকস মেশিনের অপারেটর হিসেবে কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতাবশত রায়হানের একটি পা অটো ব্রিকস মেশিনে আটকে যায়। একপর্যায়ে মেশিনটি তাকে ভেতরে টেনে নেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, নামাজ শেষে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মেশিন থেকে রায়হান উদ্দীনের মরদেহ উদ্ধার করেন।
ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সমিতির নাসির উদ্দিন চৌধুরী বলেন, অটো ব্রিকস মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
মেশিনে আটকে যাওয়ার পর তিনি আর বের হতে পারেননি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।



