back to top

পটিয়ায় মিনিবাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ০৬:২৭

চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল বাইপাস এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় ইমতিয়াজ মাহমুদ ইমন (২২) নামে বাইক আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা ইমনের বন্ধু মো. নয়ন গুরুতর আহত হয়েছেন।

তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইমন চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইমন ও নয়ন মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়ি চন্দনাইশে যাচ্ছিলেন।

পথে পটিয়া ইন্দ্রপুল বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী মিনিবাস তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুজনেই রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক চক্রবর্তী ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর যাত্রীবাহী মিনিবাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

তবে চালক কৌশলে গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিবাসটি জব্দ করে।

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পুলিশ ঘাতক মিনিবাসটি আটক করেছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চলছে।