back to top

কক্সবাজারে সামুদ্রিক মাছসহ ১৮ জেলে আটক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১৫:১৪

কক্সবাজারে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১১ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টায় কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে, কক্সবাজার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মালিক পক্ষ হতে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।