প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে তিনি নির্বাচন-পরবর্তী সময়ে নিজের তিনটি প্রধান কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
আরও পড়ুন
আকি আবের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস জানান, দায়িত্ব হস্তান্তরের পর তিনি মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন:
১. ডিজিটাল স্বাস্থ্যসেবা: নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং প্রবাসীদের জন্য ডিজিটাল ফ্যামিলি হেলথ মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা।
২. তরুণ উন্নয়ন: তরুণদের মেধা বিকাশ ও নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম আরও বেগবান করা।
৩. এসডিজি কার্যক্রম: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নিজের দীর্ঘদিনের কার্যক্রমগুলো অব্যাহত রাখা।
সাক্ষাতে আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সাথে অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন।
বৈঠকে আরও জানানো হয় যে, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস জাপান সফরে যাবেন।
ওই সফরে সামুদ্রিক গবেষণা ও ওশানোগ্রাফি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
আকি আবে বর্তমানে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ সফর করছেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই ব্রিফিং দেন।


